মিরসরাইয়ে ঝরনায় পাথরে পা পিছলে গুরুতর আহত শিক্ষার্থী

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝরনায় পাথরে পা পিছলে পড়ে আহসান হাবীব ইমরোজ (২১) নামে এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছেন। মাথায় আঘাত পাওয়ার পর তিনি কিছু মনে করতে পারছিলেন না। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের নাপিত্তাছড়া ঝরনায় এ দুর্ঘটনা ঘটে।

আহত আহসান হাবীব ইমরোজ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ভাবকীর মোড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ফুলবাড়িয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান সুরভি জানান, ঝরনায় পড়ে ইমরোজের মাথায় আঘাত লাগে। হাসপাতালে নেওয়ার পর তিনি কিছু মনে করতে পারছিলেন না। তার মাথায় আঘাতের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সিটি স্ক্যানের প্রয়োজন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, স্থানীয়দের কাছ থেকে এক পর্যটক আহত হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। পরে আহত ইমরোজকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top