নানার বাড়িতে বেড়াতে এসে সাঙ্গু নদীতে দুই ভাই-বোনের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। নদীর তীরে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আমিলাইশ ইউনিয়নের পূর্ব ডলু এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—মো. শাহিন (৩) ও মোছা. আফিজা (৬)। তারা আমিলাইশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ডলু এলাকার মো. বেলালের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে দুই ভাই-বোন নানার বাড়িতে বেড়াতে যায়। সেখানে বাড়ির পাশে খেলছিল তারা। একপর্যায়ে বাড়ির কাছের সাঙ্গু নদীর তীরে যায় দুই শিশু। সেখানে খেলাধুলার সময় অসাবধানতাবশত দুজনই নদীর পানিতে পড়ে যায়।

বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে তাদের উদ্ধারে তৎপরতা শুরু করেন। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।

আমিলাইশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ বলেন, সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top