জামায়াত আমীরের ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ কটুক্তির জবাবে যা বললেন ডা. শাহাদাত!

চাটগাঁ নিউজ ডেস্ক: ঢাকা থেকে শনিবার শুরু হওয়া জামায়াতে ইসলামীর লং মার্চের সমাপ্তি হয় চট্টগ্রামের লালদিঘীতে মহাসমাবেশের মাধ্যমে। সেখানে লং মার্চের সমাপনী বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলেছিলেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর এমন বক্তব্যের জবাবে মেয়র ডা. শাহাদাত জানিয়েছেন, ‘আদালতের রায় অনুযায়ী তাঁর মেয়রের পদ ২০২৯ সাল পর্যন্ত বহাল রয়েছে। তবে স্থানীয় সরকার বিভাগ নতুন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার মুহূর্তেই তিনি মেয়রের পদ থেকে সরে দাঁড়াতে প্রস্তুত।’

শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে কানাডা থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিও বার্তায় জামায়াত আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিজের অবস্থান ব্যাখ্যা করেন চসিক মেয়র।

ভিডিও বার্তায় তিনি বলেন, চট্টগ্রামের লালদিঘীর সমাবেশে জামায়াতের সম্মানিত আমীর শফিকুর রহমান সাহেব আমাকে মেয়াদোত্তীর্ণ মেয়র হিসেবে আখ্যা দিয়েছেন। অথচ ২০২১ সালের সিটি নির্বাচনে আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার আমার সুনিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়েছিল। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে সেই নির্বাচনকে অবৈধ ঘোষণা করে আমাকে বৈধ মেয়র হিসেবে গেজেট প্রকাশ করা হয়। ২০২৪ সালের ৩ নভেম্বর আমি শপথ গ্রহণ করি, যার আইনি ও গণতান্ত্রিক মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত।

চসিক মেয়র আরও বলেন, ডা. শফিকুর রহমানের এহেন বক্তব্যের মাধ্যমে পরোক্ষভাবে স্বৈরাচারী আমলে নির্বাচিত অবৈধ মেয়র রেজাউল করিম চৌধুরীকেই বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

একই সাথে গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে নিজের অবস্থান স্পষ্ট করে ডা. শাহাদাত বলেন, আমি ছাত্রজীবন থেকেই সুশাসন ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। স্থানীয় সরকার মন্ত্রণালয় যেদিনই চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল বা তারিখ ঘোষণা করবে, আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করে নতুন নির্বাচনকে স্বাগত জানাব।

উল্লেখ্য, গতকাল শনিবার রাতে চট্টগ্রামের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান চসিক মেয়রের মেয়াদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “এখানে যিনি মেয়র হিসেবে আছেন, তাঁর মেয়াদ কি আছে? আমরা কি তাঁকে মেয়াদোত্তীর্ণ বলব না? অনির্দিষ্টকাল এভাবে পদে বহাল থাকা সুশাসন নয়, বরং ফ্যাসিবাদের নামান্তর।”

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top