অতিরিক্ত ফরম পূরণ ফি কমানোর দাবিতে বঙ্গবন্ধু ল টেম্পল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

চাটগাঁ নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ল’ কলেজগুলোর অতিরিক্ত ফরম পূরণ ফি কমানোর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বঙ্গবন্ধু ল’ টেম্পল কলেজ চট্টগ্রাম স্টুডেন্টস ফোরাম ও সাধারণ শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত বক্তা ও সাধারণ শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত আইন কলেজগুলোতে ফরম পূরণের জন্য বর্তমানে যে অতিরিক্ত ফি নির্ধারণ করা হয়েছে, তা অনেক সাধারণ ও মধ্যবিত্ত শিক্ষার্থীর জন্য বহন করা কঠিন হয়ে পড়েছে। উচ্চহারের এই ফি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।

তারা বলেন, শিক্ষার সুযোগ সবার জন্য সহজলভ্য হওয়া প্রয়োজন। কিন্তু অতিরিক্ত ফরম পূরণ ফি অনেক শিক্ষার্থীর জন্য আর্থিক চাপ সৃষ্টি করছে।

এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে অতিরিক্ত ফরম পূরণ ফি যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার দাবি জানান। একই সঙ্গে সাধারণ ও মধ্যবিত্ত শিক্ষার্থীদের পড়ালেখা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top