খুলশী আমবাগানে হিজড়া নেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক নেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৌসুমী চট্টগ্রামে বসবাসরত হিজড়া সম্প্রদায়ের একটি গ্রুপের কাছে ‘গুরুমা’ হিসেবে পরিচিত ছিলেন। তিনি বাসাটিতে একাই বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম জানান, সকালে প্রতিবেশীরা মৌসুমীর বাসার দরজা খোলা দেখতে পান। পরে তারা শয়নকক্ষে বিছানার ওপর উপুড় অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তার মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। পাশাপাশি গলায় গুরুতর জখমের চিহ্নও ছিল।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top