পড়া হয়েছে: 4
চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়ায় বিয়েবাড়িতে জেনারেটরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২০) নামে এক ডেকোরেশন শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের মিয়াজি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম মিয়াজি পাড়ার আবছারের ছেলে। তিনি স্থানীয়ভাবে ডেকোরেশনের শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের অনুষ্ঠানের জন্য জেনারেটরের কাজ করছিলেন সাইফুল। এ সময় অসতর্কতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পেকুয়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
সাইফুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিয়েবাড়িসহ স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
চাটগাঁ নিউজ/এমকেএন





