অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, মেহেদীবাগে দুই হোটেলকে জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি হোটেলকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মেহেদীবাগ রোড এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানকালে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, বাসি রুটি ও পরোটা বিক্রির জন্য সংরক্ষণ, ফ্রিজে মেয়াদবিহীন খাদ্যপণ্য রাখা এবং খাবারে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহারের অনিয়ম পাওয়া যায়।

এসব অপরাধে তামিম রেস্টুরেন্ট অ্যান্ড ঝাল বিতানকে ২৫ হাজার টাকা এবং ক্যাফে মদিনা অ্যান্ড বিরিয়ানি হাউজকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top