প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে সীতাকুণ্ডে বিএনপির দু’গ্রুপের উত্তেজনা!
প্রকাশ্যে অস্ত্রের মহড়া

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে দলটির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতেও দেখা গেছে কয়েকজনকে। ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে পড়ে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিও মারধরের শিকার হন। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে দেখা দেয় আতঙ্ক। তারা তাৎক্ষণিক দিগ্বিদিক ছুটে নিরাপদ অবস্থানে চলে যান।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সীতাকুণ্ড পৌরসভা গেট এলাকায় কয়েক দফা এ ঘটনা ঘটে বিএনপি নেতা আসলাম চৌধুরী ও কাজী সালাহউদ্দিনপন্থী অনুসারীদের মধ্যে। এতে উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

এছাড়া বিএনপির আরেক পক্ষের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিতে আসা বিএনপি নেতা আসলাম চৌধুরীর গাড়িও আটকা পড়ে বলে দাবি করে তার অনুসারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা পৃথকভাবে অবস্থান নিতে শুরু করেন। একই স্থান ও সময়ে কর্মসূচি পালনের ঘোষণা থাকায় আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল।

একপর্যায়ে বিকেলে সীতাকুণ্ড পৌরসভা গেট এলাকায় দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা বাড়ে। পরে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আসলাম চৌধুরীপন্থী অন্তত এক হাজার নেতা-কর্মী পৌরসভা গেট এলাকায় জড়ো হন। বৃষ্টির মধ্যেও তারা মিছিল ও সমাবেশ করেন।

অন্যদিকে কাজী সালাহউদ্দিনপন্থী নেতা-কর্মীরা বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়েছে একই স্থান ও সময়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা করাকে কেন্দ্র করে। এক পক্ষ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাহউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। অন্য পক্ষ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারী। এ সময় নেতাকর্মীদের হাতে ব্যানার-ফেস্টুনের পাশাপাশি বাঁশ, লাঠি, লোহার রড ও প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতে দেখা যায়। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে ৫ থেকে ৬টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ধাওয়া দিয়ে দুই পক্ষকে তাদের নির্ধারিত কর্মসূচিস্থলে সরিয়ে দেয়।

কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। তবে মঙ্গলবার বিকেলে ধাওয়া-পাল্টাধাওয়া ও মহাসড়ক অবরোধের ঘটনায় সীতাকুণ্ডে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। আহত হওয়ার মতো কোনো সংঘর্ষ হয়নি। আমরা তাদের সরিয়ে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করেছিল। ২০ মিনিট পর ব্যারিকেড তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

বিস্তারিত সিপ্লাস টিভিতে…….

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top