চুয়েটের পানির সংকট কাটাতে ওয়াসার প্রকল্প, ভিত্তিপ্রস্তর মঙ্গলবার

চাটগাঁ নিউজ ডেস্ক : দীর্ঘদিন পানি সংকট নিরসনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। কর্ণফুলী পানি শোধনাগার থেকে চুয়েট পর্যন্ত আট ইঞ্চি বিতরণী পাইপলাইন স্থাপন করবে ওয়াসা। এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চুয়েট ক্যাম্পাসে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম।

চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া উপজেলার পোমরায় অবস্থিত কর্ণফুলী পানি শোধনাগার-১ ও ২ থেকে বর্তমানে প্রতিদিন প্রায় ২৯ কোটি লিটার পানি চট্টগ্রাম মহানগরীতে সরবরাহ করা হচ্ছে। এবার ওই পানি শোধনাগার থেকে পাইপলাইন স্থাপনের মাধ্যমে চুয়েটেও পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

১৯৬৮ সালে রাউজানে প্রতিষ্ঠিত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম প্রধান পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে পাঁচটি অনুষদ ও ১৮টি বিভাগে ৬ হাজার ৩৬৭ জন শিক্ষার্থী এবং ৩৬১ জন শিক্ষক রয়েছেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ মোট জনবল এক হাজার ৫৩ জন।

চুয়েটে ছয়টি ছাত্র হল ও তিনটি ছাত্রী হল রয়েছে। এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসিক এলাকাসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় সাড়ে ছয় হাজার মানুষের বসবাস।

দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ পানি উত্তোলনের মাধ্যমে চুয়েটের পানির চাহিদা পূরণ করা হচ্ছে। তবে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিশেষ করে শুষ্ক মৌসুমে বিশ্ববিদ্যালয়ে তীব্র পানি সংকট দেখা দেয়।

পানি সংকট নিরসনে গত ১৫ জুন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কাছে পানি সরবরাহের জন্য আবেদন করে চুয়েট কর্তৃপক্ষ। আবেদনের পর বিষয়টি পর্যালোচনা করে ৬ জুলাই বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশনকে (বিআরটিসি) প্রয়োজনীয় পাইপলাইন ডিজাইন, পাম্পের সক্ষমতা, পূর্ণাঙ্গ নকশা ও সম্ভাব্য ব্যয় প্রাক্কলন প্রস্তুতের জন্য চিঠি দেয় ওয়াসা। এরই পরিপ্রেক্ষিতে কর্ণফুলী পানি শোধনাগার থেকে চুয়েট পর্যন্ত আট ইঞ্চি বিতরণী পাইপলাইন স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, দীর্ঘদিন ধরে চুয়েট পানির সমস্যায় ভুগছে। দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম ওয়াসা থেকে সুপেয় পানি সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে চুয়েটে পানি সরবরাহের কাজ সম্পন্ন করতে পারবো।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top