সন্দ্বীপে কোস্টগার্ড-পুলিশের যৌথ অভিযান: ইয়াবাসহ আটক ১

সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৪৪৫টি ইয়াবা, রকেট সিগন্যাল, রকেট প্যারাসুট ফ্লেয়ার, রাবার বুলেট, তাজা কার্তুজ ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সন্দ্বীপ থানার আকবর হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (৩১ আগস্ট) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন সন্দ্বীপ, আউটপোস্ট সারিকাইত ও পুলিশের সমন্বয়ে আকবর হাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪৪৫টি ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২২ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া অভিযানে একটি রকেট সিগন্যাল, একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার, এক রাউন্ড রাবার বুলেট, এক রাউন্ড তাজা কার্তুজ এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে উদ্ধার করা আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ডের মাদকবিরোধী ও অপরাধবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন

Scroll to Top