একই সংসদীয় আসনে থাকছে ফটিকছড়ি উত্তর উপজেলা 
চট্টগ্রাম-২ আসনের সীমানা পুনর্নির্ধারণে সংশোধিত বিজ্ঞপ্তি

আনোয়ার হোসেন ফরিদ: জাতীয় সংসদ নির্বাচনি এলাকার সীমানা সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী ২৭৯ নম্বর চট্টগ্রাম-২ সংসদীয় আসনের আওতায় থাকছে ফটিকছড়ি উপজেলা ও ফটিকছড়ি উত্তর উপজেলা।

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত পূর্বের বিজ্ঞপ্তিতে সংশোধনী আনা হয়েছে।

বিজ্ঞপ্তির সংশোধিত তালিকায় ২৭৯ চট্টগ্রাম-২ নির্বাচনি এলাকার বিদ্যমান বিবরণে ফটিকছড়ি উপজেলা উল্লেখ থাকলেও সংশোধিত বিবরণে (ক) ফটিকছড়ি উপজেলা এবং (খ) ফটিকছড়ি উত্তর উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ, সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী ফটিকছড়ি উপজেলা ও ফটিকছড়ি উত্তর উপজেলা মিলেই ২৭৯ নম্বর চট্টগ্রাম-২ সংসদীয় আসন গঠিত হবে।

আজ রবিবার (৩০ আগস্ট) প্রকাশিত এ সংশোধিত বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশনের আদেশক্রমে স্বাক্ষর করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

এছাড়া সংশোধিত বিজ্ঞপ্তিটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস), তেজগাঁও, ঢাকা-কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

সংশোধিত এই বিজ্ঞপ্তির মধ্য দিয়ে চট্টগ্রাম-২ আসনের সীমানা নিয়ে নির্বাচন কমিশনের সর্বশেষ অবস্থান স্পষ্ট হলো।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top