১ সেপ্টেম্বর চুয়েটে পালিত হবে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস

রাউজান প্রতিনিধি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর দুই দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস।

দিবসের প্রধান আয়োজনে ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। একই অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।

আজ রবিবার (৩০ আগস্ট) দুপুরে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এতে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে গঠিত মিডিয়া কমিটির সভাপতি ও গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব। এ সময় উপপরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান ও জনসংযোগ কর্মকর্তা আইদিত ইবনে মঞ্জু উপস্থিত ছিলেন।

এতে জানানো হয় আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টা ৫৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল ও শাখা থেকে ব্যানারসহ র‌্যালি নিয়ে বাস্কেটবল প্রাঙ্গণে সমবেত হওয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল ১০টা ১৫ মিনিটে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হবে। এরপর সকাল ১০টা ২৫ মিনিটে আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের উপহার হিসেবে পাওয়া ছয়টি বাসের উদ্বোধন করা হবে।

এরপর সকাল ১০টা ৩৫ মিনিটে বৃক্ষরোপণ এবং ১০টা ৪৫ মিনিটে গোলচত্বর থেকে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হবে। সকাল ১১টা ১০ মিনিটে কেন্দ্রীয় অডিটোরিয়ামে চুয়েটের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং ১১টা ২০ মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। সভায় সভাপতিত্ব করবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাসের (ইউটিপি) পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইর. ড. মোহাম্মদ আজুয়ান বিন মাওনসারসহ চুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক।

এদিকে বিশ্ববিদ্যালয় দিবসের প্রথম দিন ৩১ আগস্ট ক্লাব ফেস্ট ও একাডেমিক কাউন্সিল কক্ষে জ্বালানি বিষয়ক লেকচারের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। লেকচারে রিসোর্স পারসন হিসেবে থাকবেন ইউটিপির পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আজুয়ান বিন মাওনসার।

এতে জ্বালানি সংশ্লিষ্ট প্রায় ২৫০ জন শিক্ষক, গবেষক, পেশাজীবী ও উদ্যোক্তা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

দিনব্যাপী আয়োজনে রক্তদান কর্মসূচি, কর্মকর্তা বনাম কর্মচারী এবং ছাত্র বনাম শিক্ষকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হবে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কেন্দ্রীয় অডিটোরিয়ামে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে চুয়েটের গোলচত্বরে চট্টগ্রাম ওয়াসার দেওয়া পানি সংযোগ লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর সেখানে স্মারক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

একই সঙ্গে আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে চুয়েটকে উপহার দেওয়া ছয়টি বাসের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন।

চাটগাঁ নিউজ/জয়নাল/জেএইচ

Scroll to Top