চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোছা. ফরিদা ইয়াসমিনের আদালত এই রায় দেন।
মো. জলিল শরিফ, ঝালকাঠি জেলার রাজাপুর থানার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকার শরীফ বাড়ীর মোফাজ্জল শরিফের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী নাছির উদ্দীন জানান, সাক্ষ্যপ্রমাণে গার্মেন্টস কর্মী জয়নব বেগম হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. জলিল শরিফকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, জয়নব বেগম নগরের ইপিজেডের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি স্বামী ও পাঁচ বছর বয়সী ছেলে আবরারকে নিয়ে ইপিজেড থানার ব্যাংক কলোনি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। ২০২১ সালের ২ মার্চ সকালে ছেলেকে মাদ্রাসায় দিয়ে কর্মস্থলে যান জয়নব। বিকেলে কাজ শেষে ছেলেকে নিয়ে বাসায় ফেরেন। পরদিন সন্ধ্যায় ভবনের নিচতলার গলিতে জয়নবকে পড়ে থাকতে দেখেন ভবনের ইনচার্জ মো. ইউনুছ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায়। সুরতহাল প্রতিবেদনে জয়নবের কান ও নাক দিয়ে রক্ত, মুখে ফেনা এবং গলার নিচে কালচে দাগের কথা উল্লেখ করা হয়। পরে তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে জলিল শরিফের সম্পৃক্ততা উঠে আসে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
চাটগাঁ নিউজ/এসএ





