মিরসরাইয়ে লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে তালাত মাহমুদ শুভ (১৯) এবং একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে আব্দুল্লাহ আল ওমর (১৯)।

স্বজনদের সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শুভ তার বন্ধু ওমরকে সঙ্গে নিয়ে বারৈয়ারহাট বাজার থেকে একটি নতুন মোটরসাইকেল কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি লরির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই শুভ মারা যান। গুরুতর আহত অবস্থায় ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে পথেই তার মৃত্যু হয়।

নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, শুভ ও ওমর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পড়াশোনার পাশাপাশি তারা স্থানীয় আবুতোরাব বাজারের একটি ল্যাবে চাকরি করতেন। নতুন মোটরসাইকেল কিনে ফেরার সময় মর্মান্তিক দুর্ঘটনায় দুজনেরই মৃত্যু হয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অপরজনের বিষয়ে তখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলসহ সংশ্লিষ্ট এলাকায় পুলিশের সদস্য পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন ও পরবর্তী তদন্তে দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা যাবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top