চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে পার্কভিউ হাসপাতাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলস প্রাইভেট লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) পার্কভিউ হাসপাতাল লিমিটেডের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সমঝোতা সম্পন্ন হয়।
সমঝোতার ফলে ডেলমাস অ্যাপারেলসের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যরা পার্কভিউ হাসপাতাল থেকে বিভিন্ন ধরনের বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা সুবিধা এবং স্বাস্থ্যসেবার অন্যান্য সুযোগ গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে ডেলমাস অ্যাপারেলসের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক শাফিউল আলম, হিসাব ব্যবস্থাপক রেজা মো. নিজামউদ্দিন, মানবসম্পদ ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী, ডিডিএম ব্যবস্থাপক মো. দিদারুল আলম, জ্যেষ্ঠ কর্মকর্তা ওমর মুন্না, মানবসম্পদ ও পরিপালন কর্মকর্তা মাহমুদা আকতারসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
পার্কভিউ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক তালুকদার জিয়াউর রহমান শরীফ, বিপণন ও ব্র্যান্ড ব্যবস্থাপক মো. জাহেদুল ইসলাম, জ্যেষ্ঠ নির্বাহী হাবিবুল ইসলাম এবং করপোরেট কর্মকর্তা হেলাল পারভেজসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ সমঝোতার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। এর ফলে ডেলমাস অ্যাপারেলসের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা প্রয়োজন অনুযায়ী সহজে এবং বিশেষ সুবিধায় পার্কভিউ হাসপাতালের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
তাঁরা বলেন, কর্মীদের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা একটি প্রতিষ্ঠানের দায়িত্বশীলতার গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের প্রাতিষ্ঠানিক উদ্যোগ কর্মীদের কল্যাণের পাশাপাশি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের জীবনমান উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সমঝোতার মধ্য দিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি ডেলমাস অ্যাপারেলসের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য উন্নত চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





