মিরসরাইয়ে চোরাই ১৬ মোবাইলসহ চক্রের সদস্য গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ১৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. ছাদেক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ছাদেক সিলেটের শাহপরান (রহ.) থানার হতুরা চুয়াবহর বটেশ্বর এলাকার মো. কুতুব আলীর ছেলে।

পুলিশ জানায়, বুধবার (২৬ আগস্ট) রাত ১২টার দিকে মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসানো হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পশ্চিম পাশে পরিচালিত ওই চেকপোস্টে সন্দেহজনকভাবে ছাদেককে আটক করা হয়। পরে তার কাছ থেকে বিভিন্ন মডেলের ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ছাদেক দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে চোরাই মোবাইল ফোন সংগ্রহ ও কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, চোরাই মোবাইল কেনাবেচা ও ছিনতাই চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলছে। প্রযুক্তিনির্ভর তথ্য বিশ্লেষণ ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এসব অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ছাদেকের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মালিকানা ও উৎস সম্পর্কে তদন্ত চলছে। চক্রটির মূল হোতাসহ সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, চোরাই মোবাইলসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি, প্রযুক্তিনির্ভর তথ্য বিশ্লেষণ, নিয়মিত অভিযান এবং মহাসড়কে চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top