হালিশহরে সিডিএর অভিযান: উৎসব সুপার শপকে ৮ লাখ টাকা জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক: অনুমোদিত নকশার ব্যত্যয় এবং বাণিজ্যিক ভবনের জন্য প্রয়োজনীয় পার্কিং ব্যবস্থা না রাখার অভিযোগে চট্টগ্রামের হালিশহর এক্সেস রোডের উৎসব সুপার মার্কেটের একটি আউটলেটের মালিককে ৮ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

একইসঙ্গে আগামী ২৭ নভেম্বরের মধ্যে নকশার ব্যত্যয়কৃত অংশ সংশোধন এবং প্রয়োজনীয় পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে হালিশহর এক্সেস রোডে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন। অভিযানে নেতৃত্ব দেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এ সময় সিডিএর অথরাইজড অফিসার-২ তানজিব হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানকালে উৎসব সুপার মার্কেটের অনুমোদিত নকশা পর্যালোচনা করে বিভিন্ন অসঙ্গতি দেখতে পান সিডিএ কর্মকর্তারা। বিশেষ করে বাণিজ্যিক ভবনের জন্য অনুমোদিত নকশা অনুযায়ী প্রয়োজনীয় পার্কিং ব্যবস্থা না থাকায় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

সিডিএর অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন জানান, অভিযানকালে উৎসব সুপার মার্কেট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অনুমোদিত নকশা দেখাতে পারেনি। পরিদর্শনে দেখা যায়, বাণিজ্যিক ভবন হলেও নকশা অনুযায়ী প্রয়োজনীয় পার্কিং সুবিধা সেখানে নেই। কর্তৃপক্ষ রাস্তার জায়গায় গাড়ি পার্কিং করার কথা জানিয়েছে।

এসব অনিয়মের কারণে সিডিএর ম্যাজিস্ট্রেট ৮ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

তানজিব হোসেন আরও বলেন, ভবন কর্তৃপক্ষের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। তারা অনুমোদিত নকশা অনুযায়ী ব্যত্যয়কৃত অংশ সংশোধন এবং পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব ব্যবস্থা বাস্তবায়ন না হলে বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে একই অভিযানে হালিশহর এলাকার আরেকটি নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে সড়কের জন্য নির্ধারিত জায়গা না ছাড়ার অভিযোগ পাওয়া যায়। পরে ভবনটির সীমানাপ্রাচীরের একটি অংশ ভেঙে দেয় সিডিএ। এ ঘটনায় ভবন মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে একই এলাকার একটি রেস্টুরেন্টেও অভিযান চালান সিডিএ কর্মকর্তারা। সেখানে রেস্টুরেন্ট পরিচালনার অনুমোদন রয়েছে কি না এবং ভবনের অনুমোদিত নকশা ও ব্যবহারবিধির সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করা হয়।

তবে অভিযানকালে দীর্ঘ সময় অপেক্ষা করেও রেস্টুরেন্টের কোনো দায়িত্বশীল ব্যক্তি বা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। ফলে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন যাচাই করা সম্ভব হয়নি। পরে রেস্টুরেন্টটি সিলগালা করে দেয় সিডিএ। বর্তমানে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top