চাটগাঁ নিউজ ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী ময়দানের সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় নগরীর দেওয়ানবাজারে জামায়াত কার্যালয়ের কনফারেন্স রুমে চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিশেষ কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এর আগে ঢাকাতে আজ মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে ছয়টি প্রধান দাবিকে সামনে রেখে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, ‘জনগণ যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য অভ্যুত্থান করেছে, বিএনপি সেই সংস্কৃতিই বহাল রেখেছে।’
গণতান্ত্রিক সংগ্রামে সরকারের নিয়মতান্ত্রিক সমালোচনার স্বার্থে ১১ দলীয় ঐক্য কর্মসূচি চালিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের গণরায়কে প্রতিষ্ঠিত করতে ১১ দলীয় ঐক্যের ধারাবাহিক সংগ্রাম চলমান থাকবে।’
এদিকে চট্টগ্রামের বৈঠকে ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী ময়দানের সমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়।

চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জনগণের ন্যায্য দাবি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী ময়দানের সমাবেশে সর্বস্তরের মানুষের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করা জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শনের অপরিহার্য অংশ। একই সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সব গণহত্যার নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
জামায়াতের এ নেতা আরও বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। বিদ্যুৎ, তেল ও গ্যাসের সংকটও জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করছে। এসব সংকট নিরসনে সরকারকে কার্যকর, বাস্তবসম্মত ও টেকসই পদক্ষেপ নিতে হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ, নগর সহকারী আমীর মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস. এম. লুৎফর রহমানসহ মহানগরী জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।
চাটগাঁ নিউজ/জেএইচ





