উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ২০১৭ সালে মিয়ানমারে সংঘটিত গণহত্যার বিচার এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রোহিঙ্গা সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর) এ সমাবেশের আয়োজন করে। এতে বিপুলসংখ্যক রোহিঙ্গা অংশ নেন।
সমাবেশে বক্তারা ২০১৭ সালে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যা, নির্যাতন ও বাস্তুচ্যুতির বিচার দাবি করেন। একই সঙ্গে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার দাবি জানান তারা।
বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন টেকসই হবে না। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ কামনা করেন তারা।
ইউসিআরের প্রেসিডেন্সিয়াল প্যানেলের সদস্য ও রোহিঙ্গা অধিকারকর্মী সৈয়দ উল্লাহ বলেন, ‘২০১৭ সালের গণহত্যার ৯ বছর পেরিয়ে গেলেও আমরা এখনো ন্যায়বিচার পাইনি। আমরা আমাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে ফিরে যেতে চাই। নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত না করে কোনো প্রত্যাবাসন আমরা চাই না।’
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আহ্বান—রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিন এবং নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করুন।’
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এপিবিএনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যাম্পের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’
সমাবেশে রোহিঙ্গারা ‘গণহত্যার বিচার চাই’, ‘নিরাপদ প্রত্যাবাসন চাই’ এবং ‘নিজ দেশে ফিরে যেতে চাই’—এমন বিভিন্ন স্লোগান দেন।
চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন






