‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ, ৩ এলাকায় চসিকের অভিযান

চাটগাঁ নিউজ ডেস্ক: নাগরিকদের অভিযোগকে গুরুত্ব দিয়ে নগরের সড়ক, ফুটপাত ও ড্রেন দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে পাওয়া সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নগরের তিনটি এলাকায় পরিচালিত এসব অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অনিয়মের দায়ে আদায় করা হয়েছে ৪৮ হাজার টাকা জরিমানা।

মঙ্গলবার (২৫ আগস্ট) নগরের এনায়েত বাজার, দেবপাহাড় ও বড়পোল মোড়ে এসব অভিযান পরিচালনা করা হয়। পরে বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি জানায় চসিক।

চসিক সূত্র জানায়, নাগরিকদের কাছ থেকে অ্যাপের মাধ্যমে পাওয়া অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার এনায়েত বাজার এলাকায় অভিযান শুরু করা হয়। সেখানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়। অনিয়মের দায়ে সংশ্লিষ্টদের কাছ থেকে আদায় করা হয় ২০ হাজার টাকা জরিমানা।

পরে দেবপাহাড় এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ড্রেনের ওপর অবৈধভাবে নির্মিত দোকানপাট উচ্ছেদ করা হয়। এতে দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত পানি নিষ্কাশনের পথও উন্মুক্ত করা হয়।

এদিকে, একই দিন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৪-এর নেতৃত্বে বড়পোল মোড়ে বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা সরিয়ে দেওয়া হয়। এতে পথচারীদের চলাচল ও যানবাহনের জন্য সড়ক উন্মুক্ত হয়।

বড়পোল মোড়ের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ১০টি মামলা করা হয়। এসব মামলায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে মশার লার্ভা জন্মানোর উপযোগী পরিবেশ তৈরি ও অপরিচ্ছন্নতার দায়ে সাতটি মামলায় ৬ হাজার ৫০০ টাকা, মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্সের কারণে দুটি মামলায় ১ হাজার ৫০০ টাকা এবং সড়কে নির্মাণসামগ্রী রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে একটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

চসিক কর্মকর্তারা জানান, নগরের শৃঙ্খলা বজায় রাখা, সড়ক-ফুটপাত ও ড্রেন দখলমুক্ত রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নাগরিকদের অভিযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে পাওয়া সুনির্দিষ্ট অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নগরবাসীর দুর্ভোগ কমানো এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে চসিক।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top