রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পদুয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান তাদের এ দণ্ড দেন।
পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে দুই মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামের ওবায়দুল আলমের ছেলে মো. রাকিব (১৮) এবং একই ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে মো. ফারুক (৩২)।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দীন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে গত রোববার (২৩ আগস্ট) দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও দুই মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরও সাজা দেওয়া হয়। এছাড়া গত শনিবার সরফভাটা এলাকায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. জহির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন






