চান্দগাঁওয়ে সাকিব হত্যা: এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন। তিনি জানান, গ্রেপ্তার আটজনের মধ্যে সাকিব হত্যা মামলার এজাহারভুক্ত ১, ২ ও ৩ নম্বর আসামিও রয়েছেন।

র‌্যাব সূত্র জানায়, হত্যাকাণ্ডের পরপরই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। একপর্যায়ে পাওয়া তথ্যের ভিত্তিতে আসামিদের গতিবিধি নজরদারিতে রাখা হয়। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এর আগে বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় চান্দগাঁও এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাকিব। আশঙ্কাজনক অবস্থায় তাকে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাকিব চান্দগাঁও থানার সিএমবি আটগাছতলা এলাকার সালেহ আহম্মদ চৌধুরীর বাড়ির নজুম উদ্দিনের ছেলে।

এ ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top