রাঙ্গুনিয়ায় শিলক খালের পানিতে ডুবে ১১ বছরের শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শিলক খালের পানিতে ডুবে মোহাম্মদ সায়েদ হোসেন (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকার শিলক খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সায়েদ হোসেন পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুধপুকুরিয়া এলাকার আবছার হোসেনের ছোট ছেলে। সে দুধপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খেলতে গিয়ে বাড়ি ফেরার পথে তীব্র গরমের কারণে স্টিল ব্রিজ দিয়ে না গিয়ে সাঁতরে খাল পার হয়ে বাড়ি ফেরার চেষ্টা করছিল সায়েদ। একপর্যায়ে সে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সারজা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা তারেক চৌধুরী জানান, সায়েদের বয়স যখন মাত্র ৪০ দিন, তখন তার মা মারা যান। এরপর কাঠুরিয়া বাবা আবছার হোসেন অনেক কষ্টে তিন ছেলেকে বড় করে তুলছিলেন। তিন ভাইয়ের মধ্যে সায়েদ ছিল সবার ছোট।

তিনি বলেন, ‘অবুঝ এই শিশুটি মাত্র ১১ বছর বয়সে পানিতে ডুবে আমাদের ছেড়ে চলে গেল।’

সায়েদের অকালমৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ আসর স্থানীয় মসজিদ মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top