২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মশাল মিছিল

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার উপজেলার লেলাং ইউনিয়ন ও ফটিকছড়ি পৌরসভা এলাকায় পৃথকভাবে এ কর্মসূচি পালন করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, মশাল হাতে মিছিলে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার প্রতিবাদ জানান।

মিছিল থেকে ওই হামলায় নিহতদের স্মরণ এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবিও জানানো হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, বিষয়টি পুলিশের নজরে এসেছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত এবং কয়েকশ মানুষ আহত হন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top