ফুল-ফল আসার আগেই উপড়ে ফেলল কৃষকের শতাধিক কুমড়াগাছ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে এক কৃষকের মিষ্টি ও চাল কুমড়ার পুরো ক্ষেত উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এতে ওই কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গাবতল কাতালশাহ পাড়ার উত্তর পাশের পাহাড়ি ঢালু জমিতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক মুহাম্মদ নাজিম উদ্দিন ইসলামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিপুর মৌজার বাপের বাড়ির বাসিন্দা। তিনি পার্শ্ববর্তী ৪ নম্বর ওয়ার্ডের গাবতল কাতালশাহ পাড়ার উত্তর পাশে প্রায় ৩৬ শতক জমিতে মিষ্টি ও চাল কুমড়ার চাষ করেছিলেন।

কৃষক নাজিম উদ্দিন জানান, প্রায় দেড় মাস আগে তিনি ওই জমিতে কুমড়া চাষ শুরু করেন। গাছ বড় হওয়ার পর মাচা তৈরিতেই তাঁর প্রায় ২০ হাজার টাকা খরচ হয়। প্রায় ৬০টি বীজতলা থেকে শতাধিক গাছ সতেজ হয়ে বেড়ে উঠছিল। শিগগিরই গাছগুলোতে ফুল ও ফল আসার কথা ছিল।

তবে বুধবার রাতে কে বা কারা অজ্ঞাত কারণে তাঁর ক্ষেতের সব গাছ মাটি থেকে উপড়ে ফেলে। বৃহস্পতিবার সকালে ক্ষেতে গিয়ে পরম যত্নে গড়ে তোলা সব গাছ ধ্বংস হয়ে পড়ে থাকতে দেখেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে কৃষক নাজিম উদ্দিন বলেন, কারও সঙ্গে শত্রুতা থাকলে আমার সঙ্গে থাকতে পারে, কিন্তু আমার এই অবুঝ ক্ষেতের সঙ্গে কীসের শত্রুতা? কয়েকদিন আগে ধার করে টাকা এনে ক্ষেতে সার দিয়েছি। দেড় মাস ধরে কঠোর পরিশ্রম করে ক্ষেতটি গড়ে তুলেছিলাম। অথচ এক রাতেই তারা আমার সব শেষ করে দিল। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক ক্ষতিগ্রস্ত ক্ষেত পরিদর্শন করে গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন জঘন্য কাজ করতে পারে! আর মাত্র সপ্তাহ দুয়েক পরেই গাছগুলোতে ফুল ও কুমড়া আসার সময় ছিল। তার আগেই তারা সন্তানতুল্য গাছগুলো এভাবে নষ্ট করে দিল।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী কৃষক ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মিটন দাশ। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top