রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে খালে ডুবে মো. বখতিয়ার হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিখোঁজ হওয়ার একদিন পর বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খোরশেদ তালুক এলাকার কুরমাই খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত বখতিয়ার হোসেন দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জিন বাড়ির রমজান আলীর ছেলে। পেশায় কৃষক হলেও তিনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসজীবন কাটিয়েছেন। অসুস্থতার কারণে প্রায় ৮ থেকে ১০ বছর আগে দেশে ফিরে আসেন তিনি। তাঁর ১০ বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বখতিয়ার বাড়ির অদূরে পাহাড়ি এলাকায় তাঁর নিজের খামারে যান। সেখানে কৃষি প্রকল্প ও দুটি গরুর দেখাশোনা করার পাশাপাশি প্রতিদিনের মতো কুরমাই খালে বড়শি দিয়ে মাছ ধরতে নামেন। মাছ ধরার একপর্যায়ে তিনি নিখোঁজ হন।
স্থানীয় মোহাম্মদ ইলিয়াস কবির জানান, বখতিয়ার হোসেনের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত শারীরিক জটিলতা ছিল। মাছ ধরার সময় শারীরিক অসুস্থতার কারণে সবার অগোচরে তিনি খালে পড়ে নিখোঁজ হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। খালের পাড়ে তাঁর খাবারের বাটি ও ছাতা পড়ে থাকতে দেখা যায়।
বুধবার বিকেল থেকে তাঁর কোনো সন্ধান না পাওয়ায় স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে কুরমাই খালে স্থানীয়রা তাঁর মরদেহ ভাসতে দেখতে পান। পরে তাঁরা খাল থেকে মরদেহটি উদ্ধার করেন।
এ ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় হযরত আব্দুল কাদের জিলানী (রহ.) জামে মসজিদ মাঠে বখতিয়ার হোসেনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে ছাদেকের পাড়া এলাকার তাঁর পুরোনো বাড়ি সংলগ্ন কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





