ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইসলামাবাদ ইউনিয়নের ফকিরা বাজারের আর রহমান বেকারি, ঈদগাঁও জাগিরপাড়ার আনন্দ বেকারি এবং জালালাবাদ সওদাগরপাড়ার নিউ ঢাকা বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ঈদগাঁও বাজারে ফুটপাত দখলের দায়ে দুজনকে ১৫ হাজার টাকা এবং প্রধান সড়ক দখল করে ট্রাক পার্কিং ও মালামাল আনলোড করার দায়ে এক মুদির দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ঈদগাঁও থানা পুলিশ ও আনসার সদস্যদের একটি দল সার্বিক সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন





