প্যারোলে মুক্তি পেয়ে স্বামীর মরদেহ শেষবারের মতো দেখলেন দীপু মনি

চাটগাঁ নিউজ ডেস্ক: স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ধানমন্ডির কলাবাগানের বাসায় এসেছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে পুলিশি পাহারায় তাকে কলাবাগানের বাসায় নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রিজন ভ্যানের পাশাপাশি পুলিশের একটি গাড়ি ছিল নিরাপত্তার দায়িত্বে।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের মরদেহ বৃহস্পতিবার সকালে কলাবাগানে তাদের নিজ বাসভবনে নেওয়া হয়। সেখানে কারাগার থেকে প্যারোলে মুক্তি পাওয়া দীপু মনি স্বামীর মরদেহ শেষবারের মতো দেখেন।

পরে তৌফিক নেওয়াজের মরদেহ গুলশানের আজাদ মসজিদে নেওয়ার কথা রয়েছে। সেখানে বাদ জোহর জানাজা ও দোয়া শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে বুধবার দুপুরে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেন। পরে মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য তার প্যারোলে মুক্তির আবেদন অনুমোদন করেন।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় আসামি হয়ে বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন দীপু মনি।

দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তার স্বামী তৌফিক নেওয়াজ। স্বামীর সঙ্গে কারাগারের বাইরে দেখা করার অনুমতি চেয়ে এর আগে একাধিকবার আবেদন করেছিলেন দীপু মনি। তবে সে অনুমতি পাননি তিনি।

আদালতে দীপু মনিকে হাজির করার সময়ও শয্যাশায়ী তৌফিক নেওয়াজকে স্ট্রেচারে করে সেখানে নিয়ে আসা হতো। সেখানেই দুজনের সাক্ষাৎ হতো।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top