৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন ৩৪৯ এমপি

চাটগাঁ নিউজ ডেস্ক: প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

এই নির্বাচনে ভোটার হিসেবে থাকছেন মোট ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে সংরক্ষিত নারী আসনের সদস্য ৫০ জন। চট্টগ্রাম-৪ আসনটি শূন্য থাকায় মোট ভোটার সংখ্যা ৩৪৯ জনে দাঁড়িয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্য হওয়ায় ভোট দেওয়ার সুযোগ থাকছে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় ভোট দিতে পারবেন না। ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত সংসদ কক্ষেও তার প্রবেশের সুযোগ নেই।

অসুস্থতার কারণে দেশের বাইরে অবস্থান করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও ভোট দিতে পারছেন না। এ বিষয়ে তিনি স্পিকারকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ নিলে তার সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। শপথের পর সংসদ সদস্য হিসেবে তার আর কোনো ভোটাধিকার থাকবে না।

রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হতে একজন প্রার্থীকে কমপক্ষে ১৭৫টি ভোট পেতে হবে। বর্তমানে সংসদে বিএনপির সদস্য সংখ্যা ২৪৭। দলটির সঙ্গে থাকা বাংলাদেশ জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনের একজন করে সংসদ সদস্য রয়েছেন।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্য সংখ্যা ৯০। এর মধ্যে জামায়াতের ৭৭ জন সদস্য ছাড়াও দলটির সমর্থনে নির্বাচিত জাগপার একজন সংরক্ষিত নারী সংসদ সদস্য রয়েছেন। জাতীয় নাগরিক পার্টির আটজন, বাংলাদেশ খেলাফত মজলিসের তিনজন এবং খেলাফত মজলিসের একজন সংসদ সদস্য রয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সংসদের নিয়মিত অধিবেশন না থাকায় নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বিশেষ বৈঠক আহ্বান করা হয়েছে। ওই বৈঠকে সভাপতিত্বের পাশাপাশি নির্বাচন পরিচালনার দায়িত্বও পালন করবেন সিইসি।

ভোটগ্রহণের শুরুতে রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার ও প্রধানমন্ত্রীর ভোট দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এরপর ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সম্প্রচার বন্ধ থাকবে। ভোট গণনা শুরুর সময় আবার সরাসরি সম্প্রচারে যাবে বিটিভি।

যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা

সংসদ কক্ষে প্রবেশের সময় প্রত্যেক এমপিকে সংসদ সচিবালয়ের দেওয়া পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। নিজ নিজ আসনে বসার পর সহকারী নির্বাচনী কর্মকর্তার কাছ থেকে নাম ও নির্বাচনী নম্বরসংবলিত ব্যালট পেপার সংগ্রহ করবেন তারা।

ব্যালটের কাউন্টার ফয়েলে নির্ধারিত স্থানে নিজের পূর্ণ নাম লিখে তা সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জমা দিতে হবে। এরপর ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্ধারিত স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে।

ভোট দেওয়া শেষ হলে ব্যালটটি সংসদকক্ষে রাখা নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে। লেখার সময় কোনো ব্যালট নষ্ট হয়ে গেলে সেটি বাক্সে না দিয়ে নির্বাচন কর্মকর্তার কাছে জমা দিতে হবে। পরে সংশ্লিষ্ট কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

ভোটগ্রহণ চলাকালে সংসদ সদস্যদের কোনো ধরনের নির্বাচনী প্রচার, বক্তব্য বা ভাষণ দেওয়ার সুযোগ থাকবে না। ভোট প্রদানের ক্ষেত্রে কোনো সমস্যা হলে চিফ হুইপ ও বিরোধী দলের চিফ হুইপের সহযোগিতা নেওয়া যাবে।

বিকেলেই ভোট গণনা ও ফল

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হবে গণনা। প্রথমে ভোট পড়ার সংখ্যা, বৈধ ও বাতিল ব্যালট এবং অব্যবহৃত ব্যালটের হিসাব করা হবে। এরপর প্রতিটি প্রার্থী কতটি বৈধ ভোট পেয়েছেন, তা গণনা করা হবে।

সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করবেন নির্বাচনী কর্তা। পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top