সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে জেলা প্রশাসন

চাটগাঁ নিউজ ডেস্ক : সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮টার মধ্যে দোকানপাট ও বিপণিবিতান বন্ধের নির্দেশনা বাস্তবায়নে চট্টগ্রাম নগরে তদারকি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৯ আগস্ট) রাতে নগরের জিইসি মোড় ও সার্কিট হাউস সংলগ্ন এলাকায় পৃথকভাবে এ সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন জানায়, রাত সাড়ে ৭টা থেকে ৮টা ২০ মিনিট পর্যন্ত কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ আরমানের নেতৃত্বে জিইসি মোড় সংলগ্ন ইউনেস্কো সিটি সেন্টার শপিং কমপ্লেক্সে তদারকি করা হয়।

এরপর রাত ৮টা ২০ মিনিট থেকে ৯টা পর্যন্ত বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শিফাত বিনতে আরার নেতৃত্বে সার্কিট হাউস এলাকার ভিআইপি টাওয়ার, অ্যাপোলো টাওয়ার, শপিং ব্যাগ সুপার শপসহ আশপাশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে নির্ধারিত সময় রাত ৮টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে দোকান মালিক, ম্যানেজার ও শপিং কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের সঙ্গে কথা বলেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এ সময় সরকার ঘোষিত সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য তাদের অনুরোধ জানানো হয়।

একই সঙ্গে সরকারি নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, আজকের অভিযানে কাউকে কোনো আর্থিক জরিমানা করা হয়নি। মূলত ব্যবসায়ী ও দোকান মালিকদের মধ্যে সরকারি নির্দেশনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং তা বাস্তবায়ন নিশ্চিত করতেই এ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে চট্টগ্রাম নগরীতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসনের এ ধরনের সচেতনতামূলক ও তদারকি অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top