ফটিকছড়িতে প্রতারণা ও জালিয়াতির মামলায় ভাই-বোন গ্রেপ্তার

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে প্রতারণা, জালিয়াতি ও ভুয়া কাগজপত্র ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় সাহেদ মোহাম্মদ আরমান ও তাঁর বোন সাহেদা আকতার রুমিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সিআইডি চট্টগ্রাম মেট্রো ও জেলা কার্যালয়ের অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে সাহেদ মোহাম্মদ আরমানসহ চারজনকে মামলায় আসামি করা হয়েছে। চট্টগ্রামের আদালতের নির্দেশে মামলাটির অনুসন্ধান করে সিআইডি।

মামলায় প্রতারণা, জালিয়াতি, ভুয়া কাগজপত্র ব্যবহার, প্রতারণার মাধ্যমে সম্পদ অর্জন, অপরাধমূলক ষড়যন্ত্র ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে। মামলার ঘটনাস্থল হিসেবে ফটিকছড়ি থানাধীন নাজিরহাট পৌরসভা কার্যালয় ও নাজিরহাট বাজারের পূবালী ব্যাংককে উল্লেখ করা হয়েছে।

সিআইডির ২৮ জুলাই অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, মামলার ঘটনার প্রথম তারিখ ২০২৪ সালের ১২ আগস্ট এবং সর্বশেষ ঘটনার তারিখ ২০২৫ সালের ২১ মে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা পালক পুত্র ও কন্যা হিসেবে পরিচিত এবং মৌলানা আবদুল হালিমের নামে জাল ওয়ারিশ সনদ তৈরির অভিযোগ রয়েছে।

মামলার বাদী মো. রাশেদ পূর্ব ফরহাদাবাদ এলাকার বাসিন্দা। তিনি বলেন, প্রতারণা, জালিয়াতি ও ভুয়া কাগজপত্র ব্যবহারের মাধ্যমে আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। এ ঘটনায় আমরা আইনের আশ্রয় নিয়েছি। সিআইডির অনুসন্ধানেও অভিযোগগুলোর বিষয়ে সত্যতা উঠে এসেছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

মামলার অন্য আসামিদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন

Scroll to Top