রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খলিফাপাড়া ও নেজামশাহপাড়া এলাকার সংযোগ সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফুলতলী টিলা কবরস্থান থেকে পূর্ব নেজামশাহপাড়া পর্যন্ত সড়কটির বেহাল অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় প্রায় দুই শতাধিক পরিবারের মানুষ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশের মাটি ধসে গেছে। এতে রাস্তাটি অনেকটা সরু হয়ে পড়েছে। এর মধ্যে সড়কের মাঝখানে থাকা একটি গুরুত্বপূর্ণ ড্রেন ভেঙে যাওয়ায় স্বাভাবিক যোগাযোগও ব্যাহত হচ্ছে। দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা নিজেদের উদ্যোগে বাঁশ দিয়ে একটি সাঁকো তৈরি করে কোনো রকমে চলাচল করছেন।
এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পশ্চিম নিশ্চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ রোগীরা। বর্ষাকালে বৃষ্টির পানি ও কাদায় সড়কটির পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের দাবি, প্রায় ৫০ বছর ধরে ব্যবহৃত হয়ে আসা এই সড়কটি নিয়ে দীর্ঘদিন ধরে নানা জটিলতা রয়েছে। সম্প্রতি আশপাশের জমির মালিকদের কেউ কেউ সড়কের বিভিন্ন অংশ কেটে দিতে পারেন—এমন আশঙ্কাও করছেন তারা। ফলে সড়কটি সংস্কারের পাশাপাশি এর সীমানা নির্ধারণ করে স্থায়ীভাবে নিরাপদ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা নুর আলম ও মোহাম্মদ বাঁচা মিয়াসহ কয়েকজন জানান, জরুরি পরিস্থিতিতে নিজেদের উদ্যোগে চাঁদা তুলে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। তবে এটি কোনোভাবেই স্থায়ী সমাধান নয়। দ্রুত ভেঙে যাওয়া ড্রেনের স্থানে টেকসই কালভার্ট নির্মাণ, সড়কের ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভরাট ও সংস্কার এবং সড়কের সীমানা নির্ধারণ করা প্রয়োজন।
তারা বলেন, সড়কটি সংস্কার না হলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তাই জনসাধারণের চলাচলের স্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন






