উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার পালংখালীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠানের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) পালংখালী ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন—পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলামের ছেলে তাহসিন ইসলাম (২১) এবং টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানজরপাড়ার মৃত ফজল করিমের ছেলে হাকিম উদ্দিন (৭১)। পুলিশ জানিয়েছে, হাকিম উদ্দিন ওই এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠানের মালিক।
পুলিশ সূত্রে জানা গেছে, এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠানটির বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে নেমে প্রাথমিক তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর হাকিম উদ্দিন অসুস্থ হয়ে পড়লে পুলিশ হেফাজতে তাকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।
তবে অভিযোগে উল্লেখ করা অর্থের সঠিক পরিমাণ, অর্থ আত্মসাতের পেছনের কারণ এবং ঘটনায় আরও কেউ জড়িত কি না—এসব বিষয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়গুলো তদন্ত করছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠানের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় অন্য কেউ জড়িত কি না এবং প্রকৃতপক্ষে কত টাকা আত্মসাৎ করা হয়েছে, তা তদন্তের মাধ্যমে বের করা হবে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন






