অশ্লীল ছবি-ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল, যুবক গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নো ভিডিও তৈরি করে এক ব্যক্তিকে ব্ল্যাকমেল এবং অর্থ আদায়ের অভিযোগে কালা মিয়া প্রকাশ কালাম মিয়া (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও ছয়টি সিম জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থানার বলিভদ্র বেলতলা তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মতিউর রহমান নামে এক ব্যক্তির হোয়াটসঅ্যাপে অজ্ঞাতনামা একটি নম্বর থেকে বিভিন্ন নারীর ছবি পাঠিয়ে নানা ধরনের প্রলোভন দেখানো হয়। একপর্যায়ে হোয়াটসঅ্যাপ ও ইমুতে ভিডিও কলে কথা বলার সময় কৌশলে সেই কথোপকথন ও ভিডিও ধারণ করা হয়।

পরে ওই ভিডিও ব্যবহার করে মতিউর রহমানের ছবি বিকৃত ও সম্পাদনা করে অশ্লীল ছবি এবং পর্নো ভিডিও তৈরি করা হয়। এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন বিকাশ নম্বরে টাকা পাঠাতে চাপ দেওয়া হয়। এভাবে ভুক্তভোগীর কাছ থেকে কয়েক দফায় মোট ৩৩ হাজার ৫০০ টাকা আদায় করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর ভুক্তভোগী ডবলমুরিং থানায় মামলা করেন। মামলার তদন্তে জড়িত থাকার অভিযোগে কালাম মিয়ার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।

ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নো ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল এবং অর্থ আদায়ের মামলায় কালা মিয়া প্রকাশ কালাম মিয়াকে আশুলিয়ার বলিভদ্র বেলতলা তালপট্টি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তারের সময় কালাম মিয়ার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়। এসব ফোনে তার ব্যবহৃত ছয়টি সিম পাওয়া গেছে।

পুলিশের দাবি, জব্দ করা মোবাইল ফোনের ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমু অ্যাকাউন্টে ভুক্তভোগীসহ বিভিন্ন ব্যক্তির অশ্লীল ছবি ও ভিডিও পাওয়া গেছে। এছাড়া গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্যও পেয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কালাম মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top