চাটগাঁ নিউজ ডেস্ক: দেশে চলমান গ্যাস সংকট কাটাতে জাতীয় গ্রিডে সামিট এলএনজি টার্মিনাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু করা হলেও তার আগেই কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে মহেশখালীতে অবস্থিত এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান টার্মিনাল (এফএসআরইউ)। ফলে সহসাই কাটছেনা গ্যাস সংকট!
জানা গেছে, উক্ত টার্মিনালের একটি বয়লার ব্যবহার করে ধীরে ধীরে গ্যাস সরবরাহ করা হচ্ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে টার্মিনালটির কার্যক্রম আবারও ব্যাহত হয়েছে। ফলে সংকটে থাকা এলএনজি সরবরাহ ব্যবস্থা আরও চাপে পড়েছে। বন্ধ হওয়ার আগে টার্মিনালটি থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) এলএনজি সরবরাহ করা হচ্ছিল।
পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান টার্মিনাল (এফএসআরইউ) আবারও বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে টার্মিনালটি থেকে এলএনজি সরবরাহ বন্ধ হয়ে যায়। এটি আজ (শুক্রবার) রাত সাড়ে ৯টা পর্যন্তও সরবরাহ শুরু করতে পারেনি। ফলে দেশের চলমান গ্যাস সংকট আরও তীব্র হয়েছে।
জানা যায়, গত ২১ জুলাই অগ্নিদুর্ঘটনায় এক্সিলারেটের টার্মিনাল বন্ধ হয়ে যায়। এতে গ্যাসের সরবরাহ কমে যায়, বেড়ে যায় সংকট। রান্নার চুলা থেকে শুরু করে শিল্পকারখানা ও বিদ্যুতের উৎপাদন ব্যাহত হয়। যানবাহনেও সিএনজি পেতে দীর্ঘ সারি পড়ে যায় ফিলিং স্টেশনে। গত ৬ আগস্ট টার্মিনালটি আংশিকভাবে আবার চালু হয়।
এর পর থেকে একটি বয়লার ব্যবহার করে ধীরে ধীরে গ্যাস সরবরাহ করা হচ্ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে টার্মিনালটির কার্যক্রম আবারও ব্যাহত হয়েছে। ফলে সংকটে থাকা এলএনজি সরবরাহ ব্যবস্থা আরও চাপে পড়েছে।
পেট্রোবাংলার পরিচালক (প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট) ইঞ্জিনিয়ার মো. শোয়েব বিষয়টি নিশ্চিত করে বলেন, এফএসআরইউটি শিগগিরই আবার চালু হওয়ার কথা রয়েছে। তবে ঠিক কখন থেকে পুনরায় চালু হতে পারে, সে বিষয়টি নিশ্চিত করে জানাতে পারছি না। আমরা আজ সন্ধ্যা থেকে সামিট থেকে গ্যাস পাওয়া শুরু করেছি। ধীরে ধীরে তাদের সরবরাহ বাড়ছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





