জাতীয় গ্রিডে আবারও শুরু সামিটের এলএনজি সরবরাহ

চাটগাঁ নিউজ ডেস্ক: একদিন বন্ধ থাকার পর জাতীয় গ্রিডে আবারও সামিট এলএনজি টার্মিনাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

আজ শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে এ সরবরাহ শুরু হয়। প্রাথমিকভাবে দৈনিক ১১০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সামিট এলএনজি জানিয়েছে, শনিবার (১৫ আগস্ট) রাত ২টার দিকে ধীরে ধীরে সরবরাহ বাড়ানো হবে। পর্যায়ক্রমে টার্মিনালের সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ ৫৫০ মিলিয়ন ঘনফুট পর্যন্ত গ্যাস সরবরাহ করা হতে পারে।

গ্যাসের সরবরাহ বাড়লে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ অন্যান্য গ্রাহকের গ্যাসপ্রাপ্তি উন্নত হবে বলে আশা করা হচ্ছে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরার পাশাপাশি দেশের জ্বালানি ব্যবস্থার ওপর চাপও কিছুটা কমতে পারে।

সামিট এলএনজি জানিয়েছে, টার্মিনাল ও জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার কারিগরি সক্ষমতার মধ্যে থেকে নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে কার্যক্রম পরিচালনা এবং সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে তারা কাজ করছে।

প্রতিষ্ঠানটি বলেছে, বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের জন্য পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ গুরুত্বপূর্ণ। গ্যাস সংকট কমানো এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পেট্রোবাংলা ও সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে তারা।

এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল থেকে বৈরী আবহাওয়ার কারণে সামিট এলএনজি টার্মিনালে থাকা কার্গো থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। সাগর উত্তাল থাকায় ওই সময় গ্যাস সরবরাহ কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল বলে তারা দাবি করে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top