উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পথে ওবাইদুল হক লালু (৩০) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করার অভিযোগ উঠেছে সশস্ত্র রোহিঙ্গাদের বিরুদ্ধে।
আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে পালংখালী ইউনিয়নের ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকে মসজিদে সুন্নাহর সামনে এ ঘটনা ঘটে। এ সময় তার ডান পায়ের গোড়ালিতে গুলি লেগে গুরুতর আহত হন।
আহত লালু উপজেলার পালংখালী ইউনিয়নের চোরখোলা এলাকার আবুল হোসেন প্রকাশ ভুলুর ছেলে। তিনি সেখানে ব্যবসার সঙ্গে জড়িত।
স্থানীয় সূত্র ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় কয়েকজন রোহিঙ্গার সঙ্গে লালুর বিরোধ সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি- জমি নিয়ে বিরোধ, বকেয়া টাকা-পয়সার লেনদেন ও পূর্বশত্রুতার জেরে এ বিরোধের সূত্রপাত।
একপর্যায়ে অস্ত্রধারীরা লালুকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান পায়ের গোড়ালিতে গুলি লাগে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এ সময় কয়েক দফা গুলির শব্দ শোনা যায়।
গুলিবিদ্ধ লালুকে প্রথমে থাইংখালী এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার মা সাইরা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত লালুর বড় ভাই জাহাঙ্গীর আলম বলেন, আমার ভাই প্রতিনিদের মত আজকেও মসজিদ থেকে বের হওয়ার সময় হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিতে তার পায়ে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার চাই।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ক্যাম্পের ভেতরে অবৈধ অস্ত্রের ব্যবহার উদ্বেগজনক। রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর অভিযান প্রয়োজন।
উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) আরমান আজাদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পে একটি মসজিদের সামনে স্থানীয় এক বাংলাদেশি দোকানদারকে সশস্ত্র রোহিঙ্গারা গুলি করেছে। এতে লালু নামের এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, রোহিঙ্গাদের ছোড়া গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী আহত হয়েছেন। ঘটনার পর ক্যাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/জেএইচ





