কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই-রাঙামাটি আসামবস্তী সড়কের আগর বাগান এলাকায় সড়কের ওপর ও আশপাশে দীর্ঘ সময় ধরে বন্যহাতির একটি দল অবস্থান নেওয়ায় যানবাহন চলাচলে আতঙ্ক ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বন বিভাগ। সম্ভাব্য হাতির আক্রমণ ও দুর্ঘটনা এড়াতে একপর্যায়ে সড়কটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা ধরে সড়কের বিভিন্ন অংশ ও আশপাশে হাতির দলটির বিচরণ দেখা যায়। এ সময় সড়কের পাশে হাতিগুলোকে অবস্থান করতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।
হাতির উপস্থিতির বিষয়টি স্থানীয়রা ও সড়কে চলাচলকারী চালকেরা দ্রুত পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কার্যালয়ে জানান। খবর পেয়ে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বনকর্মী ও ইমার্জেন্সি রেসপন্স টিমের (ইআরটি) সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
বন বিভাগের সদস্যরা আতশবাজি, ফাঁকা গুলি ও গাড়ির হর্ন ব্যবহার করে হাতির দলটিকে সড়ক থেকে সরিয়ে বনের দিকে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে হাতিগুলোকে সড়কের এক পাশ দিয়ে বনের দিকে সরিয়ে দেওয়া সম্ভব হয়। তবে কিছুক্ষণ পর কাপ্তাই প্রবেশপথের কাছে ফের একটি বন্যহাতি সড়কের ওপর উঠে আসে।
পরে ঘটনাস্থলে পৌঁছান পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম সাজ্জাদ হোসেন। পরিস্থিতি বিবেচনায় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও ইআরটি সদস্যরা সড়কের যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেন। এতে সম্ভাব্য হাতির আক্রমণ ও বড় ধরনের দুর্ঘটনা থেকে সড়কে থাকা যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, রাঙামাটি থেকে কাপ্তাই আসার পথে তিনি হঠাৎ সড়কের ওপর একটি হাতি দেখতে পান। সন্ধ্যার পর এ সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি সবাইকে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানান।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, সন্ধ্যার পর কাপ্তাই-রাঙামাটি সড়কে বন্যহাতির চলাচল বাড়তে পারে। তাই জীবনের ঝুঁকি নিয়ে কোনো ধরনের যানবাহন নিয়ে এ পথে চলাচল না করতে তিনি সবাইকে সতর্ক করেছেন।
ডিএফও এস এম সাজ্জাদ হোসেন বলেন, বন্যহাতির উপস্থিতির কারণে সন্ধ্যার পর এ সড়কে চলাচলের ক্ষেত্রে সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে কেউ যেন সড়কটিতে চলাচল না করেন, সে জন্য সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান তিনি।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন





