কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের মনসা পূজা সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী সাপ্তাহিক বাজারে বসেছে জমজমাট ছাগলের হাট। পূজাকে কেন্দ্র করে ছাগলের চাহিদা বাড়ায় সকাল থেকেই বাজারে দেখা গেছে ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতি। এর মধ্যে পাহাড়ি ছাগল কিনতেই আগ্রহ বেশি ক্রেতাদের।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে রাইখালী বাজারে গিয়ে দেখা যায়, ছোট-বড় নানা জাতের ছাগল নিয়ে হাটে হাজির হয়েছেন বিক্রেতারা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ক্রেতাদের ভিড় এবং দরদাম করে ছাগল কেনার ব্যস্ততা।
হাটে দেশি পাহাড়ি পাঁঠা ও ছাগলের পাশাপাশি হরিয়ানা ক্রস জাতের ছাগল, ভেড়া ও হাঁসও বিক্রি হচ্ছে। তবে অন্যান্য পশুর তুলনায় পাহাড়ি ছাগলের প্রতি ক্রেতাদের আগ্রহই বেশি চোখে পড়েছে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে আসা কয়েকজন ক্রেতা জানান, রাইখালী বাজারে তুলনামূলকভাবে ভালো মানের পাহাড়ি ছাগল পাওয়া যায়। অন্য বাজারের তুলনায় অনেক সময় দামও কিছুটা কম থাকে। এ কারণে পূজার জন্য ছাগল কিনতে তারা রাইখালী হাটে এসেছেন। তবে কিছু ছাগলের দাম প্রত্যাশার তুলনায় বেশি বলেও জানান তারা।
অন্যদিকে বিক্রেতারা বলছেন, রাইখালী হাটে পাহাড়ি ছাগলের চাহিদা থাকলেও সবসময় সেই অনুযায়ী দাম পাওয়া যায় না। ফলে অনেক সময় ছাগল বিক্রি করে প্রত্যাশিত লাভ হচ্ছে না।
রাঙ্গুনিয়ার কোদালা, কাপ্তাইয়ের কেপিএম, রাইখালী, রাজস্থলী, ডংনালা ও পূর্ব কোদালাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিক্রেতারা ছাগল নিয়ে হাটে এসেছেন। তাদের মতে, মনসা পূজা ঘিরে এবার ক্রেতাদের আগ্রহ তুলনামূলক বেশি।
হাটের ইজারাদার শুক্কুর মোল্লা বলেন, মনসা পূজাকে ঘিরে রাইখালী বাজারে ছাগলের বেচাকেনা বেড়েছে। বিশেষ করে পাহাড়ি ছাগলের চাহিদা বেশি। তুলনামূলক কম দামে ছাগল পাওয়া যাওয়ায় দূর-দূরান্ত থেকেও ক্রেতারা এই হাটে আসছেন।
আগামী ১৮ আগস্ট মনসা পূজা। পূজার সময় ঘনিয়ে আসায় আগামী হাটগুলোতে ছাগলের কেনাবেচা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন





