চাটগাঁ নিউজ ডেস্ক : সরকারি দায়িত্ব পালনকালে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, হেনস্তা এবং চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ রেলওয়ে কারিগর পরিষদ কেন্দ্রীয় কমিটি। মিছিল থেকে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান নেতারা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস কে বারী ও প্রচার সম্পাদক মো. মাহবুবুর রহমান।
মিছিল থেকে সরকারি দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এ সময় বক্তারা নিয়োগ বিধি-২০২০ সংশোধন, দ্রুত পদোন্নতি নিশ্চিতকরণ এবং সর্বস্তরের কর্মচারীদের ওভারটাইমের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপসহ রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী ও যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।
বক্তারা বলেন, রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাদের ওপর কোনো ধরনের হামলা, হেনস্তা বা নিরাপত্তাহীনতা মেনে নেওয়া হবে না। রেলওয়ের নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তারা আরও বলেন, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।
চাটগাঁ নিউজ/এসএ





