চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) বিকেলে মাতামুহুরী উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর স্টেশনের শাহপুরা এলাকায় বদরখালী-চিরিঙ্গা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মিজান উদ্দিন চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। তিনি চিরিঙ্গা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী বদরখালী-চিরিঙ্গা আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ডাম্পার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিন আরোহীই সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ মিজান উদ্দিনের মৃত্যু হয়। আহত অপর দুই আরোহীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top