ফিটনেস পরীক্ষায় পাস শরিফুল, দ্বিতীয় টেস্টে ফেরার পথ খুলল

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে ফেরার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আজ ফিটনেস পরীক্ষা দিয়ে সফল হয়েছেন ২৫ বছর বয়সী এই পেসার। ফলে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে তাকে বিবেচনা করতে এখন আর কোনো শারীরিক বাধা নেই।

শরিফুলের ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও মুজাদ্দেদ আলফা সানি। তিনি জানান, শরিফুলের ফিটনেস পরীক্ষার ফলাফল ম্যানেজমেন্টকে জানানো হয়েছে। এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য তিনি পুরোপুরি অ্যাভেইলেবল।

সবশেষ জিম্বাবুয়ে সফরে হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ চোটে পড়েছিলেন শরিফুল। সেই ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডে জায়গা পাননি তিনি।

দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেন শরিফুল। এরপর গত ২৯ জুলাই মিরপুরে বোলিং শুরু করেন তিনি। শুরুতে নিয়ন্ত্রিতভাবে বোলিং করানো হলেও ধীরে ধীরে তার ওয়ার্কলোড বাড়ানো হয়। পুনর্বাসনে প্রত্যাশার চেয়ে দ্রুত উন্নতি হওয়ায় নির্ধারিত সময়ের আগেই ফিটনেস পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান তিনি।

আজকের পরীক্ষায় সফল হওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার খেলার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে। বিসিবি সূত্রে জানা গেছে, খুব শিগগিরই দলের সঙ্গে যোগ দিতে পারেন শরিফুল।

আগামী ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হওয়ার কথা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট। ওই ম্যাচের স্কোয়াডে শরিফুলকে দেখা যাওয়ার সম্ভাবনা এখন বেশ জোরালো। এর আগে বৃহস্পতিবার শুরু হবে দুই দলের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট।

চাটগাঁ নিউজ/এমকেএন

 

Scroll to Top