সাবেক ভূমিমন্ত্রীর বাসা থেকে আনোয়ারা আওয়ামীলীগ নেতা মুরাদ গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক : সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ঢাকার বাসা থেকে আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে গ্রেপ্তার করেছে সাদা পোশাকধারী ‍পুলিশ।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় গুলশান-২ এ পুলিশ এ অভিযান চালায়। বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ নিষিদ্ধ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম-১৩ সাবেক এমপি মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর ব্যক্তিগত সহকারী ছিলেন।

আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী মুরাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অপহরণ, মুক্তিপণ আদায় এবং নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে ।

২০২৪ সালের অক্টোবরে চট্টগ্রামের আনোয়ারা থানায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে অন্যতম আসামি করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, সাবেক মন্ত্রীর নির্দেশনায় আসামিরা এক ব্যক্তিকে তুলে নিয়ে যান। অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্যাতন চালান এবং ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করেন।

এছাড়া ২০২৫ সালের অক্টোবর মাসে আনোয়ারা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল দেয়া হয়। এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা ১৩৮ জনের একটি মামলায় বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে আসামি করা হয়।

এ মামলায় চট্টগ্রামের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক অর্থ-প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানও আসামি ছিলেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top