চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র যথাযথভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শনিবার (৮ আগস্ট) কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। মুক্তিযুদ্ধের সময় এই কেন্দ্র থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় কেন্দ্রটির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
সাংবাদিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি অর্থবছর অথবা আগামী অর্থবছরের মধ্যে এ বরাদ্দ বাড়ানো সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিসইনফরমেশন ও ডিজইনফরমেশনের বিস্তার রোধে সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নিউ মিডিয়ার মাধ্যমে একটি বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। অপতথ্য ও মিথ্যা তথ্যের বিস্তার ঠেকানোর পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি জানান, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষণীয় ও সচেতনতামূলক রিলস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নিউ মিডিয়া প্রকল্পের আওতায় সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়েও এ প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন শনাক্ত ও প্রতিরোধে বিভিন্ন তথ্যচিত্র নির্মাণের পাশাপাশি তথ্য যাচাইয়ের জন্য প্রয়োজনীয় টুলস ও সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এসব ব্যবস্থার মাধ্যমে সঠিক তথ্য যাচাই করে জনগণকে অবহিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশ বেতারকে আরও আধুনিক ও শক্তিশালী করার পরিকল্পনার কথাও জানান তিনি। বেতারের এফএম সম্প্রচার শক্তিশালী করতে প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন ইয়াসের খান চৌধুরী।
বিটিভিকে আধুনিক ও দর্শকবান্ধব করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশনের ফরেনসিক অডিটের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে অথবা ১০ দিনের মধ্যে এ অডিট কার্যক্রম শুরু হতে পারে। অডিট প্রতিবেদনের ভিত্তিতে বিটিভির ডিজিটালাইজেশনসহ বিভিন্ন কার্যক্রম আরও আধুনিক ও আকর্ষণীয় করার উদ্যোগ নেওয়া হবে।
বিটিভির জনপ্রিয় সিগনেচার অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’কেও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ইতোমধ্যে অনুষ্ঠানটির জন্য আবেদন গ্রহণে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। অনুষ্ঠানটি আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা গেলে দর্শক-শ্রোতাদের বিটিভির প্রতি আগ্রহ বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।
কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শনকালে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, কেন্দ্রটির পরিচালক শাহীন আক্তার, চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তীসহ বাংলাদেশ বেতারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





