বাংলাদেশ বিমানে যান্ত্রিক ত্রুটি: রোম বিমানবন্দরে ৩২ ঘণ্টা আটকা ২৬০ যাত্রী

চাটগাঁ নিউজ ডেস্ক: যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৩২ ঘণ্টার বেশি সময় ধরে ইতালির রোম বিমানবন্দরে আটকে আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টরন্টো-রোম-ঢাকা রুটের একটি ফ্লাইট। শনিবার (৮ আগস্ট) বিকেল পর্যন্ত ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসেনি। ফলে যাত্রীদের অপেক্ষা আরো দীর্ঘ হতে যাচ্ছে।

এর আগে শুক্রবার (৭ আগস্ট) নিয়মিত জ্বালানি নেওয়ার সময় ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। শনিবার (৮ আগস্ট) বিকেল পর্যন্ত ফ্লাইটটি উড্ডয়ন করেনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বশেষ জানিয়েছে, ফ্লাইটটি বর্তমানে গ্রাউন্ডেড (উড্ডয়নের অনুপযোগী) অবস্থায় রয়েছে।

এদিকে দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেক যাত্রী। পর্যাপ্ত জায়গা ও থাকার ব্যবস্থা না থাকায় কয়েকজনকে বিমানবন্দরের মেঝেতে শুয়ে রাত কাটিয়েছেন বলে জানা গেছে।

ফ্লাইটটিতে মোট ২৬০ জন যাত্রী রয়েছেন। তাদের মধ্যে প্রায় ১৭০ জন বাংলাদেশের পাসপোর্টধারী। যাত্রীদের ভাষ্য, ইতালিতে প্রবেশের প্রয়োজনীয় অনুমতি না থাকায় বাংলাদেশি যাত্রীরা বিমানবন্দরের বাইরে গিয়ে হোটেলে অবস্থান করতে পারেননি। ফলে তাদের বিমানবন্দরেই অবস্থান করতে হচ্ছে।

ফ্লাইটের যাত্রী ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার মো. আবু সাঈদ বলেন, বিভিন্ন ধরনের ত্রুটির কথা জানিয়ে তাদের প্রথমে প্রায় আট ঘণ্টা বিমানের ভেতর বসিয়ে রাখা হয়। ফ্লাইটে অনেক বয়স্ক মানুষ ও শিশু ছিলেন। দীর্ঘ সময় অপেক্ষার কারণে তাদের অনেকে অসুস্থ হয়ে পড়েন।

তিনি বলেন, একপর্যায়ে অধিকাংশ যাত্রী অসুস্থ বোধ করলে বিমানের কর্মকর্তারা তাদের বিমান থেকে নামিয়ে বিমানবন্দরের ভেতরে নিয়ে যান। তবে বাংলাদেশি পাসপোর্টধারীদের হোটেলে নেওয়া সম্ভব হয়নি।

আবু সাঈদ আরো বলেন, ‘আমরা সারারাত মেঝেতে শুয়ে ছিলাম। রাত ১১টার দিকে বিমান কর্তৃপক্ষ একটি লাউঞ্জের ব্যবস্থা করে। কিন্তু অতিরিক্ত যাত্রীর কারণে সেখানে সবার জায়গা হয়নি।’

আরেক যাত্রী বলেন, ফ্লাইটে অনেক ডায়াবেটিক রোগী রয়েছেন, যাদের সময়মতো খাবার খাওয়া ও ইনসুলিন নেওয়া প্রয়োজন। কিন্তু দীর্ঘ সময় লাগেজসহ বিমানেই আটকে থাকায় তাদের জন্য সমস্যা তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘সবকিছু লাগেজে রাখা, লাগেজ প্লেনে। শিশুরা না খেয়ে বিরক্ত ও অসুস্থ হয়ে যাচ্ছে। আমাদের লাউঞ্জে যেতে বলা হলেও একসঙ্গে এত মানুষের জায়গা হয়নি। যে যার মতো মেঝেতে ঘুমাচ্ছে, কেউ বসে আছে।’

যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর সকালের নাশতা দেওয়া হয়েছে। তাদের ভাষায়, সেখানে ‘চরম মানবিক বিপর্যয়কর পরিস্থিতি’ তৈরি হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) নিয়মিত জ্বালানি নেওয়ার সময় স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ত্রুটি মেরামতের জন্য শুক্রবার দুপুর আড়াইটার দিকে একদল প্রকৌশলী রোমের উদ্দেশে রওনা হন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাদের রোমে পৌঁছানোর কথা ছিল।

কারিগরি ত্রুটি মেরামতের কাজ শেষ হলে শনিবার স্থানীয় সময় রাত ১০টায় রোম থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী, রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে ফ্লাইটটির।

বিমান কর্তৃপক্ষের দেওয়া সময়সূচি অনুযায়ী, সবকিছু পরিকল্পনামতো হলে যাত্রীদের প্রায় ৪০ ঘণ্টা রোম বিমানবন্দরে অপেক্ষা করতে হবে। ফ্লাইটের ২৬০ যাত্রীর মধ্যে বাংলাদেশের নাগরিক ছাড়াও ইতালি ও কানাডার নাগরিক রয়েছেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top