বৈষম্যের অভিযোগ তুলে ডিসি বরাবর প্রতিবাদলিপি দিল গণঅধিকার পরিষদ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে বিভিন্ন সরকারি ও প্রশাসনিক অনুষ্ঠানে গণঅধিকার পরিষদকে আমন্ত্রণ না জানিয়ে রাজনৈতিক বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।

তাদের দাবি, গত ৫ আগস্ট জুলাই শহীদদের স্মরণে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানানো হবে বলে আশ্বস্ত করা হলেও শেষ পর্যন্ত কোনো দাওয়াত দেওয়া হয়নি।

এতে ক্ষোভ প্রকাশ করে দলটির নেতারা বলেন, এটি শুধু একটি অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার ঘটনা নয়, বরং ধারাবাহিকভাবে তাদের রাজনৈতিকভাবে উপেক্ষা করারই বহিঃপ্রকাশ।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক বরাবর একটি প্রতিবাদলিপি দেন গণঅধিকার পরিষদের নেতারা। এ সময় দলটির জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদলিপিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান জানানো হয়। পাশাপাশি সরকারি বিভিন্ন অনুষ্ঠান, রাষ্ট্রীয় দিবস এবং প্রশাসনিক কর্মসূচিতে প্রতিনিধিত্বের ক্ষেত্রে সব রাজনৈতিক দলের প্রতি সমান আচরণ নিশ্চিত করার দাবি জানানো হয়।

গণঅধিকার পরিষদের নেতারা আরও বলেন, তারা বর্তমান সরকারপন্থী রাজনৈতিক জোটের অংশ। সে বিবেচনায় চট্টগ্রামের রাজনৈতিক কার্যক্রম ও সরকারি আয়োজনে তাদের যথাযথ গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়া উচিত। ভবিষ্যতে এ ধরনের বৈষম্য অব্যাহত থাকলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলেও হুঁশিয়ারি দেন।

গণঅধিকার পরিষদের দাবি— তারা কোনো বিশেষ সুবিধা নয়, বরং রাজনৈতিক দল হিসেবে ন্যায্য ও সমান মর্যাদা চান। এ দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি প্রতিবাদলিপি দিয়েছেন তারা।

তবে এ অভিযোগের বিষয়ে জেলা প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top