চাটগাঁ নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো অন্তত ১৩ জন।
আজ শুক্রবার (৭ আগস্ট) সকালে সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল পরিবহনের একটি বাস এবং সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ওসমানীনগরের দয়ামীর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।
বেঙ্গল পরিবহন ও ইউনিক পরিবহনের বাস দুটির মধ্যে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
ওসি আরও জানান, নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঢাকাগামী ‘ইউনিক পরিবহন’-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে ওভারটেক করে আসা সিলেটগামী ‘বেঙ্গল স্লিপার কোচ’-এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। ডান পাশের অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ জন যাত্রী নিহত হন। পরে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এক শিশুসহ আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। এ দুর্ঘটনায় আরও বহু যাত্রী আহত হয়েছেন। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটের সময় ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাস (রেজি: নং- ঢাকা মেট্টো ব- ১৫-২৫৬৩) এবং সিলেটমুখী একটি বেঙ্গল পরিবহনের যাত্রীবাহী বাস (যাহার রেজি: নং- ঢাকা মেট্টো -ব ১২-৫৯৮৭) মুখোমুখি সংঘর্ষ হয়।
ওসমানীনগর থানার ডিউটি অফিসার ও উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, সকালে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। পুলিশ তাদের পরিচয় জানার চেষ্টা করছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





