পরিবেশ ছাড়পত্র নেই, এরিস্টোকেয়ার হাসপাতাল গুনল দেড় লাখ টাকা জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক: পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র ছাড়াই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করায় নগরের মেহেদীবাগ এলাকার বেসরকারি এরিস্টোকেয়ার হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ না করেই নগরের মেহেদীবাগ রোডে হাসপাতালটি চিকিৎসাসেবা চালু করে। অবস্থানগত ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনা করায় প্রতিষ্ঠানটি পরিবেশ আইন লঙ্ঘন করেছে। শুনানিতে হাসপাতাল কর্তৃপক্ষ অনিয়মের বিষয়টি স্বীকার করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে দেড় লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়।

এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত তরল বর্জ্য পরিশোধন ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। যথাযথ বর্জ্য পরিশোধন ব্যবস্থা গ্রহণের পরই হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্যও সতর্ক করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তাদির হাসান জানান, গত ২৯ জুলাই পরিবেশ অধিদপ্তরের একটি টিম সেখানে পরিদর্শন করলে নানা অনিয়ম পায়। তারা হাসপাতাল পরিচালনার কোনো অবস্থানগত ছাড়পত্র পরিবেশ অধিদপ্তর থেকে গ্রহণ করেনি। এ অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষকে গতকাল শুনানিতে ডাকা হয়। সেখানে অনিয়মের বিষয়টি তারা স্বীকার করলে আইন অনুযায়ী দেড় লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়।

পরিবেশ দূষণ রোধ এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top