চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলম উত্তর পদুয়া সওদাগর পাড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, জমিতে চাষের কাজ শেষ করে রাস্তার ওপর উঠার সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ থানায় নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





