সন্ত্রাসী রায়হানের সহযোগীসহ ৪ জন গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানের সহযোগীসহ চারজন চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম আসামি দিদার ও আফসার, জোরারগঞ্জ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী বোরহান এবং হাটহাজারী থানার আজম হত্যা মামলার প্রধান আসামি দিদার।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসসহ বিভিন্ন গুরুতর অপরাধের একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, অভিযানের বিস্তারিত তথ্য, উদ্ধার হওয়া অস্ত্র এবং গ্রেপ্তারকৃতদের অপরাধসংক্রান্ত তথ্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top